আলোচিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপে তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। গত ২৩ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তসলিমা নাসরিন। যদিও তার ভিসার মেয়াদ আরো এক বছর বাড়ানো হবে বলে তিনি আশা করেছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে তাকে এখনো পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে তার ভিসার মেয়াদ চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৪ সাল থেকেই ভারতে থাকার জন্য তসলিমাকে ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ দেয়া হয়। সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে গত আগস্টে তাকে দুই মাসের ‘ট্যুরিস্ট ভিসা’ দেয়া হয়। এর পরেই রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে তার ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেন তসলিমা। তাকে আশ্বস্ত করেন রাজনাথ সিং। এরপরই তার ভিসার মেয়াদ এক বছর করা হয়।
আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল ১৯৯৪ সালের মাঝামাঝি। তারপর সুইডেন-আমেরিকা-ফ্রান্স-কলকাতা নানা দেশ, নানা শহর ঘুরে প্রায় বছর চারেক হল দিল্লিই তার ঠিকানা। ভারতের মাটিতে স্থায়ীভাবে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন বহুবার। বিশেষ করে কলকাতায় থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু ২০০৭ সালে এক বিক্ষোভের মুখে পড়ে কলকাতা ছাড়তে হয় তাকে। সুইডেনে তার নাগরিকত্ব রয়েছে।
