‘কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্টফান্ড গঠন করবে সরকার’

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৬:৪৭
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা একটি ট্রাস্ট ফান্ড গঠন করব। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের একটি নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এক হুকুমে কেউ যেন বন্ধ করতে না পারে।’
 
শনিবার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার বিতরণ এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
 
তিনি জানান, সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর পাঁচ বছর মেয়াদে ১৮ হাজার ক্লিনিক স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ শুরু করলেও ১০ হাজার ৭২৩টি ক্লিনিক চালু হয়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়।
 
কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট ফান্ড গঠন এবং সরকারের পক্ষ থেকে থোক বরাদ্দ দেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সমাজে অনেক বিত্তবান রয়েছে, তারাও এখানে দিতে পারবেন। যারা চিকিত্সা নিতে আসেন, তারাও দান করতে চান। তারাও দেবেন। অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা অনুদান দিতে চায়। তারাও এখানে দেবেন।’
 
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেদের চেষ্টায় সব কিছু করতে হবে। এই কমিউনিটি ক্লিনিক স্থানীয় জনগণের পরিচালিত, সম্পূর্ণ নিজস্ব হোক।’
 

স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পারানিথরন। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস।