রিমান্ড শেষে কারাগারে শওকত মাহমুদ

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৮:০২
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তিন দিনের রিমান্ড শেষে ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
শওকত মাহমুদের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, রাজধানীর রমনা থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ আগস্ট বুধবার শওকত মাহমুদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ আদেশ দেয়। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়।
 

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গত মঙ্গলবার ১৮ আগস্ট শওকত মাহমুদকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এর পরদিন শওকত মাহমুদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০দিনের রিমান্ড চায় পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে আনা তিনটি মামলাসহ আরো একাধীক মামলায় শওকত মাহমুদ আসামি রয়েছেন।