ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার সেনাসহ নিহত ৬

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৮:২৮
 
ইসরাইলের বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি এবং এক সিরিয়ান সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরাইলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে ব্যাপক বিমান হামলা চালালে তারা নিহত হন। খবর রয়টার্সের।
 
এর আগে সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমি থেকে ইসরাইলে একটি রকেট হামলা করা হয় বলে অভিযোগ করেছে তেলআবিব।
 
এ দিকে, ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শিহাব রকেট হামলার কথা প্রত্যাখ্যান করেছেন।
 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের পাঁচজন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য।
 
অন্য দিকে, সিরিয়ার একটি সেনা সূত্র বলেছে, গোলান মালভূমির একটি গ্রামে একটি গাড়িতে বিমান হামলা চালালে পাঁচ বেসামরিক লোক নিহত হন।
 
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার কুনেইত্রা এলাকায় ওই হামলা চালানো হয়।