বাঙ্গুরা গ্যাসক্ষেত্র: অক্টোবরে ২ কূপ খনন করবে বাপেক্স

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৯:১৮
 
কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে আগামী অক্টোবরের মধ্যে দুইটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দরপত্র গৃহীত হওয়ার পর এ উদ্যোগ নেয়া হলো।
 
দরপ্রস্তাব মূল্যায়ণ  শেষে বুধবার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রের ৬ ও ৭ নম্বর কূপ খননে বাপেক্সের দরপ্রস্তাব গ্রহণ করে ক্ষেত্রটির পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ক্রিস এনার্জি। বহুজাতিক চারটি কোম্পানি দরপত্র জমা দেয়।
 
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান বলেন, দরপত্রটি গৃহীত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনের বাপেক্সেও সুনাম বাড়বে। একই সাথে বাপেক্সের কারিগরি ও মানবসম্পদের দক্ষতা প্রমাণ করার একটি সুযোগ পাওয়া গেল। আগামী অক্টোবর মাস থেকে বাঙ্গুরায় গ্যাসকূপ খনন শুরু করা হবে।