সমাজের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য কাজ করে সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর ‘অনুপ্রেরণামূলক সম্মাননা’ অর্জন করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরকে এ সম্মাননা দেয়া হয়। গবেষণা প্রতিষ্ঠান সাম্পানের উদ্যোগে সাপ্তাহিক কাগজের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে আইন ও শালিস কেন্দ্রের চেয়ারম্যান ড. হামিদা হোসেন হেলেনা জাহাঙ্গীরের হাতে সম্মাননা পদক তুলে দেন।
‘নারী কুল নির্যাতিত : ক্ষমতায়ন অনেক দূর’. . শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সমাজ বিজ্ঞানী হাবিবুর রহমান, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, দৈনিক সমকালের নির্বাহি সম্পাদক মুস্তাফিজ শফি, সাংবাদিক নজরুল কবীর প্রমুখ। সাপ্তাহিক কাগজের সম্পাদক জব্বার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
তিন সন্তানের মা হেলেনা জাহাঙ্গীর একজন সফল নারী উদ্যোক্তা। তিনি একাধারে নিট কনসার্ন প্রিন্টিং ইউনিট, জয় অটো গার্মেন্টস লিমিটেড ও জে.সি. এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য। সমাজ সেবায় তার অনন্য কার্যক্রমের জন্য ইতোমধ্যেই নির্মিত হয়েছে প্রামাণ্য তথ্যচিত্র ‘সিস্টার হেলেনা’।
