রাজধানীর কোন থানায় মামলা না নিলে সমস্যা নেই। এ ব্যাপারে সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে (ডিএমপি) অভিযোগ জানানোর জন্য খুব শিগগিরই চালু হচ্ছে হেল্প ডেস্ক। ৩৬, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী, ডিএমপি সদর দফতরে এ হেল্প ডেস্ক শাখায় টেলিফোনে অথবা ই-মেইলে অভিযোগ জানানো যাবে। ডিএমপি সূত্র জানায়, এ ডেস্ক থেকে সাতটি বিষয়ে সহায়তা দেবে পুলিশ। এর মধ্যে রয়েছে অপহরণ ও মুক্তিপণ দাবি, টেলিফোনে চাঁদাবাজি, টেলিফোনে হয়রানি ও প্রতারণা, টেলিফোনে হুমকি প্রদান, ইন্টারনেটে হয়রানি ও প্রতারণা, নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান ও প্রবাসী কল্যাণ।
সূত্র জানায়, থানায় মামলা, জিডি (সাধারণ ডায়েরি) করতে গেলে অনেক সময় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। কখনো জিডি বা মামলা করার ক্ষেত্রে পুলিশের নানা অজুহাতে কালক্ষেপণ হয়। অনেক সময় ঘটনাস্থল নিয়ে থানা পুলিশের অজুহাত, ‘এ থানা নয় অন্য থানা’। বিশেষ করে সম্প্রতি ব্লগার নীলাদ্রি হত্যার ঘটনার আগে জিডি করা নিয়ে দুই থানার অজুহাতের বিষয়টি সবার নজর কাড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হবার পরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আশা করা যায়, ২/৪ দিনের মধ্যে এ হেল্প ডেস্ক চালু সম্ভব হবে। হেল্প ডেস্কের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ঢাকা মেট্রোপিলটন পুলিশের সেবার পরিধি বিস্তৃত করা। থানায় যে সকল অপরাধ আমলে নিতে জটিলতা তৈরি হয় সে সকল অপরাধ তাত্ক্ষণিকভাবে আমলে নিয়ে আইনগত প্রতিকার করা। যথাসম্ভব দ্রুত হেল্প ডেস্কে আগত সেবা প্রত্যাশী ব্যক্তির সেবা নিশ্চিত করা। কার্যকরী মনিটরিং ব্যবস্থা অব্যাহত রাখা। নিবিড় তদারকির মাধ্যমে হেল্প ডেস্ক ব্যবস্থাপনা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা। প্রচার সর্বস্ব না হয়ে সম্পূর্ণভাবে সেবাধর্মী মনোভাব নিয়ে জনগণকে এ সংক্রান্ত যাবতীয় হয়রানি থেকে মুক্ত করার প্রেক্ষাপট তৈরি করা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বলেন, এক সময় সাধারণ মানুষকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হতো। এ ভোগান্তি কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালু করে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। যা ডিএমপি সদর দফতরে অবস্থিত। এখন খুব দ্রুত সময়ে এখান থেকে কাঙ্ক্ষিতরা তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করছেন। কোন ধরনের জটিলতা থাকলে সে ব্যাপারে পরামর্শ দেয়া হচ্ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই একই আদলে গড়ে তোলা হচ্ছে হেল্প ডেস্ক। তিনি বলেন, হেল্পডেস্ক চালুর আগে ডিএমপির তরফ থেকে ব্যাপক প্রচারণা চালানো হবে।