নাব্য সংকটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের মধ্যে ফেরি পারাপার বন্ধ রয়েছে। পদ্মার চ্যানেলে পলি জমে গভীরতা কমে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়।
জানা গেছে, শিমুলিয়া ও কাওড়াকান্দি ফেরিঘটে রবিবার সকাল থেকে প্রায় সাত শতাধিক যানবাহন আটকে আছে। ঘাট কর্মকর্তারা বলেছেন, দুপুরের আগে জোয়ার এলে চ্যানেলের গভীরতা কিছুটা বাড়বে। তখন আবার ফেরি ছাড়ার চেষ্টা করবেন তারা।
এদিকে শনিবার সারাদিনে শিমুলিয়া থেকে ছেড়ে গেছে মাত্র সাতটি ফেরি। এর মধ্যে দু’টি কাওড়াকান্দি পৌঁছাতে পারলেও বাকি পাঁচটি ফেরি মাঝপথ থেকে ঘাটে ফিরে এসেছে।
স্বাভাবিক ফেরি চলার জন্য চ্যানেলে গভীরতা প্রয়োজন অন্তত সাড়ে ৭ ফুট। কিন্তু শনিবার সকালে জোয়ারের সময়ও লৌহজং টার্নিং পয়েন্টের প্রায় একশ ফুট এলাকায় গভীরতা ছিল ছয় ফুট।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নাব্য সঙ্কটের কারণে দুই সপ্তাহের বেশি সময় ধরে পারাপার বিঘ্নিত হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্টের মুখে ড্রেজিং করা হলেও বর্ষা মৌসুমের তীব্র স্রোতে অল্প সময়ের মধ্যেই নতুন করে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে।
