কেরাণীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৪:১৫
 
ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত পোনে দুইটার দিকে উপজেলার পাড় গেন্ডারিয়ার সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ দোহার থানার হাজার বিঘা গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে।
 
এই ঘটনায়  ঈসমাইল (২৯)  ও  মো.  সোহরাব (৩০) নামে দুই জনকে আটক করা হয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক পোনে দুইটার দিকে ৯/১০ জনের সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাতদল পাড় গেন্ডারিয়ার সাতপাখি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে। টের পেয়ে তারা পুলিশের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে ইউসুফ নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ঈসমাইল ও সোহরাব নামে আরো দুই ডাকাতকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন ।
 
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই ওবাইদুল জানান,  লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
 
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.  মনিরুল ইসলাম বলেন, নিহত ও আটক দুইজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।