রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৬:২৮
 
রাজবাড়ীর গোয়ালন্দে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন। রবিবার উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- জে লাইন চালক ঝিনাইদহের আসাদুজ্জামান ওরফে সামাদ(৪২), লোকাল বাস চালক রাজবাড়ী শহরের মুরগিরফার্ম এলাকার জাকির হোসেন(৩৭), বাসযাত্রী মানিকগঞ্জ আরিচাঘাট এলাকার আঃ রহিম(৬০) ও মানিকগঞ্জের আজগর আলী (৬৫) মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঝিনাইদহগামী জে লাইন পরিবহনের বাস দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ, জাকির ও আঃ রহিম মারা যান। গুরুতর আহতদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় বিকালে আজগর মারা যান।
 
IMG0
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা শফিউল আজম জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ১২জন ও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছে ১০জন যাত্রী।
 
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম নাসির উল্লাহ জানান, বেপরোয় গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে।