কোটালীপাড়ায় হামলায় ৪ সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৬:৩৩
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি রতন সেন কংকন।
 
শনিবার বিকেলে উপজেলার পূর্ব রামশীল গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
এ ঘটনায় রবিবার পূর্ব রামশীল গ্রামের তমাল বাড়ৈ, অরুন মল্লিক, এ্যাপোলো তালুকদার, মনু মল্লিক, পুলিন জয়ধরের নাম উল্লেখসহ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। তবে কাউকে হাসপাতালে ভর্তি করানো হয়নি।
 
আহত মিজানুর রহমান বুলু জানান, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বার্থি বাজার হতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল বাজার সড়কের নির্মাণ কাজ চলছে। পূর্ব রামশীল গ্রামে ওই সড়কের মোড় সোজা করতে একটি চার্চের পুকুর ভরাটের প্রয়োজন দেখা দেয়। এ নিয়ে ওই গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।  শনিবার বিকেলে ওই গ্রামে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় তমাল বাড়ৈ, অরুন মল্লিক, এ্যাপোলো তালুকদার, মনু মল্লিক, পুলিন জয়ধরসহ আরো ১০/১৫ জন ওই চার সাংবাদিকের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের  কাছে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করে।
 
চার্চের ফাদার ডেভিড অধিকারী বলেন, ‘চার্চের পুকুরের উপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করতে চাইলে আমরা বাধা দেই। শনিবার সাংবাদিকরা পুকুরের ছবি তোলার পরই গ্রামের লোকজন তাদের উপর হমালা চালায়।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।