পদ্মা-যমুনায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি, লঞ্চ, কার্গো, নৌকা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মার তীব্র স্রোত এড়িয়ে ঘুর পথে ফেরি-লঞ্চ চলাচল করায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে, গত শুক্রবার মধ্যরাতে বিআইডব্লিউটিসি’র জনসংযোগ বিভাগের এক জরুরী বার্তায় দূরপাল্লার যানবাহনকে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক পরিহারের পরামর্শ দেওয়ায় এ রুটে যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ৫’শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। উভয় ঘাটে পারাপারের জন্য অপেক্ষমাণ যানবাহনের চাপ সামাল দিতে শিমুলিয়া-কাওরাকান্দি রুটের রো-রো ফেরি গোলাম মাওলা, রুহুল আমীন ও ইউটিলিটি রজনীগন্ধা নামের ৩টি ফেরি এ বহরে যোগ হয়েছে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পদ্মা-যমুনার পানি আরিচা পয়েন্টে রবিবার বিকেলে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ০২ স্তরে প্রবাহিত হওয়ায় নদীর স্রোত আরও প্রবল আকার ধারণ করে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌ রুটে স্বাভাবিক গতিতে ফেরি,লঞ্চ,কার্গোসহ নৌকা চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
