পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনের একটি সীমানা প্রাচীর ধসে ২জন আহত হয়েছেন। রবিবার দুপুরে হঠাৎ প্রাচীরটি জেলা পরিষদ সচিবের বাসভবনের এলাকায় পড়ে যায়। এ সময় গুলজার হোসেন (২১) এবং জামাল হোসেন নামের দুই ব্যক্তি আহত হন। তাদের বাড়ি বগুড়া বলে জানা গেছে। আহত দুজনকেই পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি অডিটোরিয়াম চত্বরে ফলদ ও বৃক্ষমেলায় জুতার ষ্টল দিয়েছিল আহত দু’জন। মেলা শেষ হওয়ায় তারা দোকানের মালপত্র পিকআপ ভ্যানে তুলছিলেন। এরই মধ্যে সীমানা প্রাচীর ধসে তাদের ওপর পড়ে গিয়ে তারা আহত হন। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহত দুজনকে উদ্ধার করে। পরে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহাবুবুল আলম, সহকারী কমিশনার শাহিন রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
