বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘দেশের স্থলভাগে ও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। সমুদ্র আমাদের জন্য বড় সম্ভাবনা হলেও তা থেকে প্রাপ্তির বিষয়টি এখনো অনিশ্চিত। সমুদ্রে গ্যাস পাওয়া গেলেও উত্তোলনে অন্তত আরো আট বছর সময় লাগবে। স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বাপেক্সর জন্য পর্যাপ্ত অংশ রেখে বাকি অংশের জন্য দেশি-বিদেশি কোম্পানিগুলোকে আহ্বান করা হবে।’
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জ্বালানি চ্যালেঞ্জ ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি বিষয়ক ‘ম্যাগাজিন এনার্জি অ্যান্ড পাওয়ার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার এ মুহূর্তে দেশি কয়লা উত্তোলন ও ব্যবহার করতে চাচ্ছে না। বরং কয়লা আমদানি করে জ্বালানি চাহিদা মেটানোর পরিকল্পনা গ্রহণ করেছে।’
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেষ্ঠ্য সহসভাপতি হুমায়ুন রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া, স্বাগত বক্তব্য দেন এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন।
অনুষ্ঠানে ‘মধ্য আয়ের বাংলাদেশ এবং এর জ্বালানি চাহিদা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম তামিম।
অপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের কন্ট্রিবিউটর এডিটর প্রকৌশলী খন্দকার আব্দুস সালেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বুয়েটের াধ্যাপক ইজাজ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ ড. মুশফিকুর রহমান, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহীদ সারওয়ার, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান।
