দৈনিক ন্যূনতম ৪০০ টাকা মজুরি প্রদানসহ ১২ দফা দাবিতে সিলেট নগরীতে মিছিল করেছে চা শ্রমিকরা।
রবিবার জেলা সদর উপজেলার মালিনীছড়া চা বাগান বাজার থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
শ্রমিকদের বাকি দাবিগুলো হলো, শ্রম আইন অনুযায়ী বকেয়াসহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, চা বাগানে বসবাসকারী শ্রমিকদের ভোগদখলকৃত ভূমির স্বত্ত্ব অধিকার দেয়া, এক মাসের বেতন পরিমাণ বছরে দুটি উৎসব বোনাস প্রদান, কালাগুল চা বাগান থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার, বাগান কর্তৃপক্ষের মদদপুষ্ট সন্ত্রাসীদের গাছ চুরি এবং জমি দখল বন্ধ করে দখলকৃত ভূমি উদ্ধার করা।
চা শ্রমিক সংঘের উদ্যোগে এ কর্মসূচি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পালন করা হয়।
এছাড়াও চা, রাবার শ্রমিক ও তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পূর্ণাঙ্গ রেশন প্রদানের দাবি জানানো হয়। চা শিল্পে শ্রম আইন বাস্তবায়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, চা বাগানে অ্যাম্বুলেন্স, এমবিবিএস ডাক্তার ও প্রসূতি বিশেষজ্ঞ ও নার্স প্রদান, চা শ্রমিক সন্তানদের বিনাবেতনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ও বাগানে কলেজিয়েট স্থাপন করা। সিলেটে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন ও শ্রমিক নেতাদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার।
স্মারকলিপি প্রদানকালে ভ্যালি কমিটির নেতা, চা শ্রমিক সংঘের আহ্বায়ক রাধামনি মোন্ডা, বাংলাদেশ সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি নুরুল হুদা ছালেহ, ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক চা ও রাবার শ্রমিক নেতা জয় মাহাত্য কুর্মি, মঙ্গলিরপার চা বাগানের প্রতিনিধি বাসু দেব মুন্ডা, ভারতী কুর্মি, খাদিম চা বাগানের প্রতিনিধি লিলা বুনার্জি, মিনতা মুন্ডাসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
