ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় পুলিশসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ২১:৩০
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে রবিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতরা হলেন, পটুয়াখালি জেলার বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের মো. আব্দুল লতিফ মৃধার পুত্র ও গৌরনদী হাইওয়ে থানার কনস্টেবল জাহিদ হোসেন (২৯), গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত আউয়াল শরীফের পুত্র ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাদা শরীফ (৪২) ও বিল্লগ্রাম গ্রামের বাসিন্দা, গৌরনদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সিরাজুল হক (৫০)।
 
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, সকাল আটটার দিকে বরিশাল থেকে বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাস বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রিকসাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাদা শরীফ ও  গৌরনদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু হয়। বাসের চাপায় আহত গৌরনদী হাইওয়ে থানার কনস্টেবল জাহিদ হোসেন, রিকশাচালক নজরূল ইসলাম ও নিহত শাহজাদার পুত্র রেশাদ শরীফসহ বাস যাত্রীদেরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  জাহিদকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেছেন।
 
অপর দিকে রবিবার দুপুরে মাহিলাড়া বাসষ্ট্যান্ডে স্থানীয় কাওমী মাদরাসার ছাত্র মো. শফিক খলিফাকে (১০) আটো রিকসায় ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।