আমান উল্লাহ আমানকে ঢামেকে স্থানান্তর

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ০৯:৫৬
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে বারডেম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।রবিবার কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয় তাকে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
 
রবিবার রাত ১১টার দিকে বারডেম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। তিনি বর্তমানে ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
 
হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) শ্রী রাজদত্ত জানান, আমান উল্লাহ আমানের মাথা ব্যথা, বুকে ব্যথা রয়েছে। আজকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সোমবার সকাল থেকে অধিকতর চিকিৎসা শুরু হবে।
 
আমান উল্লাহ আমান হৃদরোগ ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী এস এম উজ্জল।