চান্দিনায় ৩৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১১:৪৩

কুমিল্লার চান্দিনায় ৩৮০ বোতল ফেন্সিডিলসহ মো. রুবেল (৩২) নামের এক যুবককে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গোমতা নামক স্থানে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রুবেল চৌদ্দগ্রাম উপজেলার ২নং বদরপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ম-৫৪-৬৬৬৯) তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।