শার্শায় সেই নবজাতকটি নিলেন নি:সন্তান শিক্ষক দম্পত্তি

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৬:১০
শার্শা উপজেলার বসতপুর গ্রাম থেকে শনিবার ভোরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক মেয়েটিকে রবিবার দুপুরে মহিলা আইনজীবী সেতারা বেগমের সহায়তায় যশোর রোটারি পাবলিকের মাধ্যমে দত্তক নিয়েছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাবেয়া তরফদার নামে এক শিক্ষিকা। তার স্বামী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার। এ দম্পতি দীর্ঘ ১২ বছর নি:সন্তান থাকায় এ নবজাতক মেয়েটিকে পেয়ে বেজায় খুশি তারা। 
 
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর সৈয়দ বায়েজিদ হোসেন জানান, নবজাতকটি উদ্ধারের পর শার্শা থানার মাধ্যমে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের কাছে দেয়া হয়েছিল।
 
শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, উদ্ধার হওয়া নবজাতক মেয়েটিকে জেলা প্রশাসকের মাধ্যমে যশোর এনজিও প্রতিষ্ঠান মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে লালন-পালনের জন্য রাখা হয়। একদিন  রাখার পর নি:সন্তান এ দম্পত্তি শিশুটির সমস্ত দায়ভার নিলে রবিবার দুপুরে যশোর রোটারি পাবলিকের মাধ্যমে এ শিশুটিকে নি:সন্তান দম্পত্তির হাতে তুলে দেন  মহিলা আইনজীবী সেতারা বেগম।