বুড়িগঙ্গার বিনোদন কেন্দ্র সরাতে হবে

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৬:১৫
 
বুড়িগঙ্গায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের স্থাপনা অপসারণে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
 
রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, আবেদন খারিজ করে দেয়ায় ৩০ দিনের মধ্যে বিআইডব্লিউটিএর বিনোদনকেন্দ্র্রের স্থাপনা অপসারণ করতে হবে।
২০১০ সালের ৭ মে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়। ঐ প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ঐ বছর ১৭ মে একটি রিট আবেদন করা হয়।
 
রিটের শুনানি শেষে বুড়িগঙ্গায় বিনোদনকেন্দ্র নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং  নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন ওেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
 
রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ২০ জুলাই হাইকোর্ট বিনোদনকেন্দ্রের স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয়।
 
ঐ রায় স্থগিতের জন্য বিআইডব্লিউটিএ চেম্বার বিচারপতির আদালতে যায়। চেম্বার বিচারপতি স্থিতাবস্থা বজায় রাখতে বলে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। পরে বিআইডব্লিউটিএ লিভ টু আপিল করলে আজ তা খারিজ করে দেয়া হয়।