সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়িখালি ভূমিহীন জনপদে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, আশরাফ মীর (৫৬) ও ইসহাক পাড় (৫৫)। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও তিনটি তাজা বোমা।
সোমবার সকালে উপজেলার চিংড়িখালি ভূমিহীন পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ মীরের বাড়ি কালিগঞ্জের কাশিবাটি গ্রামে ও ইসহাক পাড়ের বাড়ি একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল জানান, ২০০৪ সাল থেকে উপজেলার বৈরাগিরচক-চিংড়িখালি ভূমিহীন পল্লিতে (৯০০ বিঘা সরকারি খাস জমিতে) ৪৪৬ পরিবার বসবাস করে আসছে।
তিনি আরো জানান, সোমবার ভোরে উপজেলার কাজলা কাশিবাটি গ্রামের আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ভূমিহীনদের বাড়িঘর থেকে উচ্ছেদের লক্ষ্যে হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে তাদের বোমায় আহত হন ভূমিহীন ফিরোজ, গফুর ও মনিসহ বেশ কয়েকজন।
হামলাকারীরা এ সময় কমপক্ষে ৪০টি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় ভূমিহীন নেতা করিম পাড় ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেনসহ তাদের দলবল সংঘবদ্ধ হয়ে আশরাফ মীর, ইসহাক আলী ও আবু বকরকে ধরে বেধড়ক মারপিট করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশরাফ মীর ও ইসহাক পাড় মারা যায়।
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনির হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
