মাটি ফেটে মূর্তি বের হওয়ার গুজব

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৭:২৩
জামালুপরের সরিষাবাড়ীতে মাটি ফেটে মূর্তি বের হওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়ায় লিটন মিয়ার ঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। মূর্তিটি দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে।
 
লিটন মিয়া জানান, মধ্যরাতে হঠাৎ ঘুম ভাঙলে ঘরের বারান্দায় তিনি একটি মূর্তি দেখতে পান। মূর্তিটি মাটির নিচ থেকে ভেদ করে উপরে উঠার আলামত দেখে প্রথমে তিনি ভয় পান। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। মূর্তিটির সারা অঙ্গ লাল ও মাথার দিকে সাদা। এর মাথার অংশ শক্ত হলেও পুরোটা নরম।
 
বাড়ির লোকজন দাবি করেন, মূর্তিটি প্রতিরাতে ভিন্ন রঙ ধারণ করে। পরিবারের লোক মূর্তির চারপাশে লালসালু দিয়ে ঘিরে রেখেছে। এটি দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে। তরিকাপন্থীরা মূর্তিকে সেজদা এবং হিন্দুরা দুধ ও তুলসী পাতা দিয়ে পূজা করছেন। তারা তিনি আরো জানান, ইতোপূর্বে ওই বাড়িতে বেশ কয়েকবার মাটি ফেটে ওই ধরনের মূর্তি বের হতে দেখা গেছে। পরে তা কেটে ফেলে দেয়া হয়েছে। তবে ওই বাড়িতে মাজার তৈরি বা অর্থ উপার্জনের আশায় এ রটনা সৃষ্টি করা হয়েছে বলে অনেকের ধারণা।
 
সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জানি না, তবে খোঁজ নিয়ে দেখছি।’