অনলাইন লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রতারণা ধরতে সেমিনারের আয়োজন করেছে সিটিও ফোরাম বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ভবনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হবে। সোমবার ডেইলি স্টার ভবনের এস এ মাহমুদ হলে অায়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মাঈনউদ্দিন চৌধুরী, সিটিও ফোরাম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নওয়াদ ইকবাল, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি হেড অব আইটি ড. ইজাজুল হক, সিটিও ফোরামের কার্যনির্বাহী সদস্য শ্যামা প্রসাদ ব্যাপারি।
তপন কান্তি সরকার বলেন, অনলাইন ব্যবসা বাড়ার সাথে সাথে ব্যাংকিং খাতে অনলাইন লেনদেনও বাড়ছে। বিগত কয়েক দশকে বিশ্বে অনলাইন লেনদেন বেড়ে যাওয়ায় এর নিরাপত্তার দিকটি সবাইকে ভাবিয়ে তুলছে। তথপ্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্রেডিট কার্ড জালিয়াতিসহ অনলাইন লেনদেনের ঝুঁকিও বেড়েছে। তাই এ সম্পর্কে সচেতনতা তৈরি ও প্রস্তুতি গ্রহণ জরুরি।
তিনি জানান, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বিশেষ অতিথি থাকবেন বিআইবিএম এর ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমদ চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভিসা কার্ডের ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার চিফ রিস্ক অফিসার শিবকুমার শ্রীরমন।
‘আইটি সিকিউরিটি অ্যান্ড ফ্রড ডিটেকশন কনসিডারিং বাংলাদেশ প্রসপেক্ট’ (আইটি নিরাপত্তা এবং জালিয়াত সনাক্তকরণ: প্রেক্ষিত বাংলাদেশ) শীর্ষক সেমিনারের সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।
