বিএনপি দল পরিচালনায় বিগত বছরে ব্যয় করেছে ৩ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৫৯০ টাকা। পক্ষান্তরে দলটির আয় ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা। আয়ের চেয়ে প্রায় ৬৫ লাখ ৫৫ হাজার ১৬ টাকা বেশি ব্যয় হয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত গত পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার সকালে দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীর নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে হিসাবের নথি হস্তান্তর করেন। দলের অন্য সদস্যরা হলেন- স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও বিএনপির অ্যাকাউন্টস অ্যান্ড অডিট কর্মকর্তা ওমর ফারুক।
সচিবের নিকট হিসাব জমা দেয়ার পর বাইরে অপেক্ষারত সাংবাদিকদের আমিনুল ইসলাম জানান, গতবছরের পুরো সময়ে যে আয়-ব্যয় হয়েছে তার একটি প্রতিবেদন ইসিতে জমা দিয়েছি। তবে তাদের যা আয় হয়েছে ব্যয় তার চেয়ে বেশি হয়েছে বলে জানান তিনি। দলের সহ দফতর সম্পাদক বলেন, উদ্ধৃত অর্থ বিভিন্ন সময়ে ব্যাংকে গচ্ছিত টাকা থেকে ব্যয় করা হয়েছে।
