বঙ্গবন্ধু হত্যায় ইনুদের ভূমিকা পরিষ্কারের দাবি বিএনপির

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৮:১৯

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জাসদ নেতা হাসানুল হক ইনু ও তাদের গণবাহিনীর ভূমিকা জাতির সামনে পরিষ্কারের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে সরকারের তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।


তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে তিনি তার মন্ত্রিসভায় এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা তার পিতা শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। এই ইনুরাই শেখ মুজিবের সরকারকে উৎখাত করতে সশস্ত্র সংগ্রাম করেছে। ১৯৭২থেকে ১৯৭৫ পর্যন্ত দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে জাসদ ও গণবাহিনী দায়ী

রিপন বলেন, মন্ত্রিসভায় বেশ কিছু পরগাছা মন্ত্রী আছেন। যারা নিজেদের মন্ত্রিত্ব বাঁচাতে অপ্রাসঙ্গিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছোট ও হেয় করে বক্তব্য দেন। জাসদ নেতা ইনুকে উদ্দেশ করে রিপন বলেন, জাতির জন্য খুবই দুর্ভাগ্য যে, আজ তাদের কাছ থেকে গণতন্ত্র শিখতে হচ্ছে। যাদের রাজনীতি শুরু হয়েছে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের মধ্যদিয়ে। তাদের মুখে গণতন্ত্রের ছবক জাতি শুনতে চায় না।

রিপন বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু’দিন আগে দেশের অবরুদ্ধ রাজনীতির বন্ধ কপাট খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিজেকে প্রচারে রাখতে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই ইনুর মত পরগাছা মন্ত্রীরা এসব কথা বলেন। ইনুর মতো নেতারা ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ারও যোগ্যতা রাখে না বলে দাবি করেন তিনি।

ইনুকে উদ্দেশ্য করে রিপন বলেন, আপনাকে জবাব দিতে হবে ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আপনাদের ভূমিকা কি ছিল। জবাব দিতে হবে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে আপনার, গণবাহিনীর কি ভূমিকা ছিল। এগুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত। রিপন বলেন, ইনু সাহেবের উচিত হবে জাতির সামনে ৭২-৭৫ সময়ে তাদের অবস্থান স্পষ্ট করা। মন্ত্রিত্ব নেয়ার যদি ইচ্ছাই থাকে তাহলে ৭২ থেকে ৭৫ এর ঘটনার জন্য ইনু ও তার দলের ক্ষমা চাওয়া উচিত। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এর জবাব দেয়া উচিত। তা না হলে তার পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ বলে তারা শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার করবে, কিন্তু এ হত্যাকাণ্ডের সহযোগী ও হত্যার ক্ষেত্র যারা তৈরি করেছিল তাদেরকে ক্ষমতায় রেখে শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রকৃত বিচার করা সম্ভব না। এতে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে বলে মনে করি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এএসএম আব্দুল হালিম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, নুরুল কবির শাহীন, শাহানা আক্তার শানু প্রমুখ। - ফোকাস বাংলা