গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে বার্নিকাট

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৯:২৫
 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট রবিবার গাজীপুরের দক্ষিণ সালনায় অবস্থিত কনকর্ড গ্রুপের তৈরি পোশাক কারখানা জিকন গার্মেন্টস লিমিটেড এবং কনকর্ড ফ্যাশন এক্সপোর্ট লিমিটেড পরিদর্শন করেন। কারখানাটি গার্মেন্টস পরিদর্শন জোট অ্যাকর্ডের প্রথম সনদপ্রাপ্ত এবং শতভাগ কমপ্লায়েন্স সম্পন্ন (কর্মপরিবেশ)।
 
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ওই কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা, শ্রমিকদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা, বিদ্যুত্ ও অগ্নিনির্বাপন ব্যবস্থা, সিঁড়ি, পোশাকের মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পরে কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
 
পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের অন্য তৈরি পোশাক কারখানাগুলোও এই কারখানার মান অনুসরণ করলে ক্রেতারা এদেশে অবশ্যই আসবেন। কারখানাটি দেশের প্রথম অ্যাকর্ড সনদপ্রাপ্ত শুনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
 
এ সময় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর কবির রাসেলসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থি ছিলেন।
 

- প্রেস বিজ্ঞপ্তি