মঠবাড়িয়ায় বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ২০:১০
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাকে জখম করার প্রতিবাদে বাবাকে হত্যার পর ছেলে আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবা নাপিতখালী গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল (৬০) এবং হত্যাকারীর ছেলের নাম মো. জহির (১৭)। সে স্থানীয় মিরুখালী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে নাপিতখালী গ্রামের বাড়িতে আব্দুল জলিল স্ত্রীকে কুপিয়ে জখম করে। এ সময় ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর বাড়ির এক কিলেমিটার দূরে মিরুখালী গ্রামের নূরু ডাক্তার বাড়ির একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে জহিরও আত্মহত্যা করে।
 
স্থানীয়ভাবে জানা গেছে, জলিলের একাধিক স্ত্রী থাকায় সৃষ্ট পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
 
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।