শাবির বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ২১:৩২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির অবসান ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, গত ২৩ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রায় তিন ঘণ্টা আলোচনা করেন। আলোচনা শেষে মন্ত্রীর অনুরোধে শিক্ষকরা আন্দোলন স্থগিত করেন। সভায় বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে সকলে একমত হন।
 
চিঠিতে অর্ন্তবর্তীকালীন সময়ে প্রশাসনিক বিভিন্ন পদ থেকে যারা পদত্যাগ করেছেন, তাদেরকে পুনরায় দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়। পরবর্তীতে গত ২৪ জুলাই শাবি ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া ও ৬ আগস্ট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আকতারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তিন ঘণ্টা ব্যাপী শিক্ষামন্ত্রী আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করেন মন্ত্রী। আলোচনা করে মন্ত্রণালয় অনেক বিষয়ে জানতে পারে। আন্দোলনকারী শিক্ষকরা আলোচনা শেষে ক্যাম্পাসে ফিরে দুদিন পরেই ভিসির দফতরে ঢুকে অবস্থান গ্রহণ ও নিয়ম বহির্ভুতভাবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একটি চিঠিতে কয়েকটি নির্দেশনা প্রদান করেন যা তিনি করতে পারেন না, এটাকে কোনভাবেই বৈধতা দেয়া যায় না। সকলের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
উল্লেখ্য, অসাদাচরণের অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছে অধ্যাপক ড. জাফর ইকবালের নেতৃত্বে শিক্ষকদের একটি পক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই দিক নির্দেশনা দিয়েছে।