চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার রাজকুমার রায় জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি বাড়বকুণ্ড এলাকায় পৌঁছুলে লেভেল ক্রসিংয়ে আটকা পড়া একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণাৎ তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে সকাল ৬টা ৪০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস এবং ৭টায় মহানগর প্রভাতী ছেড়ে যাওযার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেন দু’টি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
