খুলনায় এসিডে ঝলসে গেল ভাই-বোন

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ০৯:১০


খুলনায় এসিডে ঝলসে গেল ভাই-বোনের শরীর। মারাত্মক দগ্ধ অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা সরকারি মহিলা কলেজ রোডে পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কলোনীর গেটে এই ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, নগরীর বয়রাস্থ খুলনা সরকারি মহিলা কলেজ রোডের পিএমজি কলোনীর বাসিন্দা আইয়ুব আলীর কন্যা কানিজ ফাতেমা স্বাতী (২৫) ও তার ভাই মো. শরীফ (১৯) বয়রা বাজার মোড় এলাকায় একটি বিসিএস পরীক্ষার কোচিং থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। তারা পিএমজি কলোনীর গেটে পৌঁছা মাত্র মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে পেছন থেকে তাদের লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়ে যায়। এসিডে স্বাতীর পিঠ, ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তার ভাই শরীফেরও পিঠ ও ডান হাতসহ বিভিন্ন স্থান দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রেমঘটিত কারণে তাকে এসিড নিক্ষেপ করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে এসিডে ঝলসানো ওড়না ও গেঞ্জি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে- সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।