ওমরার নামে মানবপাচার: তদন্ত কমিটির বৈঠক মঙ্গলবার

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ০৯:৪৭
ওমরার নামে মানবপাচারের ঘটনায় আন্তঃমন্ত্রণালয়ের তদন্ত কমিটি  মঙ্গলবার বৈঠকে বসছে। কমিটি গঠনের পর এটি তাদের প্রথম বৈঠক। ধর্মমন্ত্রণালয়ে সকাল ১১টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
 
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে ওমরার নামে মানবপাচারের ঘটনায় জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। তদন্তকাজের পরবর্তী করণীয় ঠিক করা হবে এই বৈঠকে।
 
এর আগে সোমবার ওমরা হজের নামে মানবপাচারের অভিযোগ খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শহিদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 
 
আন্তঃমন্ত্রণালয়ের গঠিত এ কমিটিকে দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত বিষয়ে কমিটির প্রধান অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান জানান, মঙ্গলবার আমরা আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসব। অভিযোগ পর্যালোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করা হবে। 
 
সূত্র জানায়, ওমরার নামে মানবপাচারের অভিযোগে গত ২২ মার্চ থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ করে দেয় সৌদি সরকার। এই অভিযোগে মানবপাচারে জড়িত থাকার অপরাধে নিজ দেশের সাত এজেন্সির লাইসেন্স বাতিল করে সৌদি সরকার। পরে তারা বাংলাদেশের ১০৪ এজেন্সির বিরুদ্ধে ওমরার নামে মানবপাচারের সুনির্দিষ্ট অভিযোগ পায়। এসব এজেন্সির মাধ্যমে প্রায় ১১ হাজার ৪৮৫ ব্যক্তি ওমরা শেষে আর দেশে ফেরেনি বলেও তথ্য দেয়া হয়।
 
জানা গেছে, এসব এজেন্সির বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় তার জন্য সম্প্রতি বাংলাদেশ সরকারকে চিঠি দেয় সৌদি সরকার।