সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১০:১৫
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে একজন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  
 
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, বিভাগীয় প্রকৌশলী আবিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা ইফতেখার ও বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।  
 
কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি। 
 
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। এ ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।  ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।