শর্ত পূরণ না হওয়ায় জিএসপি হয়নি: গওহর রিজভী

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১০:৩৮


প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, শর্ত পূরণ করতে না পারার কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হয়নি। এর পেছনে অন্য কোন কারণ নেই।

সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে পররাষ্ট্রনীতি বিষয়ক ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পররাষ্ট্র নীতির বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডি ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, শ্রমমানের উন্নয়নে আমরা যেসব অঙ্গীকার করেছি তা পূরণ করতে হবে। তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে আমরা জিএসপি ফিরে পাব। সুশাসনের অভাব এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশের বৈদেশিক নীতি বাস্তবায়নের গুরুত্ব, সীমাবদ্ধতা এবং সম্ভাব্যতা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান।

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারের উদ্বোধন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন, সেমিনার সঞ্চালনা করেন। সেমিনারে বন্ধুপ্রতীম ১২টি দেশের ২৫ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ কলেজের ৭৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন।