সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগে আটক ৪

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১১:১১
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগে ভুয়া নিয়োগপত্রসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার শিকার ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে।
 
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
 
মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিভিল স্টাফ এবং অপর দুজন তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন।
 
এ ব্যাপারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।