বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি মেয়র (বর্তমানে বরখাস্ত) অধ্যাপক এমএ মান্নান পুত্র মঞ্জুরুল আহসান রনিসহ ৩২ জনের বিরুদ্ধে গাজীপুরের আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ পিপিএম মঙ্গলবার সকালে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ২১ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গাজীপুরের মনিপুর খাসপাড়ায় তারেক জিয়া মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এসময় তারা একটি বাসে কেরোসিন ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে গিয়ে ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার এএসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা আরো ৪০-৪৫ জনের নামে মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন এসআই রফিকুল ইসলাম-৩। তিনি এজাহারে ও সন্দ্বিগ্ধ আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। তিনি বদলি সূত্রে অন্যত্র চলে যাওয়ায় পরবর্তীতে এসআই এনামুল হক মামলাটি তদন্ত করেন।
মামলার অভিযোগ পত্রে জানা গেছে, সাক্ষ্য প্রমাণ ও তদন্ত অনুযায়ী গত বছর জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও শরিক দল টানা ২য় বারের মতো সরকার গঠন করার পূর্বে ও পরে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিএনপি তথা ২০ দলীয় জোটের ২য় নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন অবস্থান করে তার ব্যক্তিগত সহকারি লুৎফর রহমান বাদল এবং গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নান পুত্র বিএনপি নেতা মঞ্জুরুল আহসান রনিদের নিয়ে তাদের ফ্ল্যাট-৩ এর বাসা থেকে বিভিন্ন তারিখ ও সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চল ও বিশেষ জেলা গাজীপুর অঞ্চলে উত্তর-পশ্চিম অঞ্চলের যাতায়তের প্রধান মহাসড়কে জনমনে আতংক সৃষ্টি করে নাশকতা, গাড়ি ভাংচুর, গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, মানুষ হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে এবং উক্ত বাড়ি হতে সরকার পতনের আলোচনা করে। তারেক জিয়া বিদেশে বসে নেতাকর্মীদের নির্দেশ দেন যত টাকা লাগে দেয়া হবে, টাকার কোন সমস্যা নেই, সারাদেশে এক সাথে নাশকতার নির্দেশ দেন।
পুলিশ সুপার আরও বলেন, ৩২ জনের বিরুদ্ধে প্রাথমিক ভাবে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫-ঘ সত্য বলে প্রামণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল হক জয়দেবপুর থানার অভিযোগপত্র (নং ৯৩৯) মঙ্গলবার দাখিল পূর্বক আদালতে প্রেরণ করেন। এ মামলায় ১১জনকে পুলিশ গ্রেফতার করেছে।
