সাতক্ষীরায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৪:২৬
 
সাতক্ষীরার কালিগঞ্জের চিংড়িখালি ভূমিহীন জনপদে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায়  মামলা করা হয়েছে। সোমবার রাতে কালিগঞ্জ থানা পুলিশের এএসআই সাগর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬৬ জনকে জ্ঞাত ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ আটজনকে গ্রেফতার করেছে। কালিগঞ্জ থানার ওসি সুভাষ চন্দ্র মাঝি মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সোমবার ভোরে কালিগঞ্জের কাজলা কাশিবাটি গ্রামের ভূমিহীন নেতা আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০  জন ভূমিহীনদের বাড়িঘর থেকে উচ্ছেদের লক্ষ্যে  হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে তাদের বোমায় আহত হন ভূমিহীন ফিরোজ, গফুর ও মনিসহ বেশ কয়েকজন।
 
এসময় স্থানীয় ভূমিহীন নেতা করিম পাড় ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেনসহ তাদের দলবল সংঘবদ্ধ হয়ে আশরাফ মীর, ইসহাক আলী ও আবু বকরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশরাফ মীর ও ইসহাক মারা যান।