অবশেষে ২ কোরিয়ার মধ্যে সমঝোতা

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৭:৩৫
 
উত্তেজনা প্রশমনে অবশেষে সমঝোতা করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। দীর্ঘ আলোচনার পর দেশ দুটির মধ্যে এই সমঝোতা হয়। খবর আলজাজিরা ও বিবিসির।
 
সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার মধ্য দিয়েই কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থা দূর হলো। সোমবার বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে জানানো হয়—বুধবার দুপুর থেকে সীমান্তে উচ্চস্বরে পিয়ংইয়ং-বিরোধী প্রচারণা বন্ধ করবে সিউল।
 
দক্ষিণ কোরিয়ার প্রধান সমঝোতাকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কিওয়ান-জিন বলেন, ‘সম্প্রতি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করতে সম্মত হয়েছে পিয়ংইয়ং। এর বিনিময়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শর্তসাপেক্ষে সীমান্তে লাউড স্পিকার প্রচারণা চালানো বন্ধ রাখবে সিউল।
 
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, ‘স্থলমাইন স্থাপনের জন্য যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছে, ততক্ষণ পর্যন্ত সীমান্তে প্রচারণা চালানো বন্ধ করা হবে না।’
 
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে দুই দেশের মধ্যকার অসামরিকীকৃত অঞ্চলে টহল দিতে গিয়ে দক্ষিণ কোরিয়ার দুই সেনাসদস্য স্থলমাইন বিস্ফোরণে নিহত হন। তবে ওই স্থলমাইন স্থাপনের অভিযোগ অস্বীকার করেছিল উত্তর কোরিয়া।
 
এ দিকে, এই সমঝোতার পাশাপাশি প্রতিবেশী দুটি দেশ আগামী মাসে স্বজনদের সঙ্গে পুনর্মিলনীর জন্য কাজ করতেও সম্মত হয়েছে। এর ফলে ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের সময় যেসব পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের সদস্যরা আবারও পরস্পরের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।