মধুখালী উপজেলার গাজনা এবং কোরকদী ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
দুটি ইউনিয়নে ২৬টি পদে মোট ১০৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে গাজনা ইউনিয়নে সাতজন ও কোরকদী ইউনিয়নে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৫ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৮টি কেন্দ্রে মোট আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। এছাড়া বিজিবি ও র্যাবের দুই প্লাটুন সেনা কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করেন। সকাল পৌনে নয়টা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। ১০টার পর বেশ কয়েকটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য হারে দেখা যায়। দুটি ইউনিয়নে ভোটর উপস্থিতির হার প্রায় ৮৫ ভাগ।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, দুটি ইউনিয়নে মোট ১৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩ হাজার পাঁচ শ দুইজন। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৪৫ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৬০৭ জন।
