সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন, শাহজাহান আলী (২৮) এবং ইয়াছিন আলী (২৬)।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে উল্লাপাড়ার পাচিলা বাজারের কাছে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি পাশের খাদে পড়ে গিয়ে শাহজাহান আলী মারা যান ও বাসটির আট যাত্রী আহত হন। শাহজাহান আলী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা চরকুমার পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অপরদিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে ইয়াছিন আলী নামের এক ভ্যান যাত্রীকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানের অপর দুই যাত্রী আহত হন। ইয়াছিন উপজেলার হাটিকুমরুল নবরত্নাপাড়া গ্রামের আয়নাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় সলঙ্গা থানায় দুটি মামলা হয়েছে।
