বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ আরো ৫০ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। বনদস্যু জাহাঙ্গীর বাহিনী মঙ্গলবার ভোর চারটার দিকে ১নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়। এ সময় দস্যুরা ট্রলারের মাছ ও অন্যান্য মালামাল লুট করে নেয়। অপহৃতদের বাড়ি বাগেরহাট, শরণখোলা, পাথরঘাটা ও স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন এলাকায় বলে জেলে ও মৎস্যজীবী নেতারা জানিয়েছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
এদিকে, গত ২২ ও ২৩ অগাস্ট কচিখালী ও পক্কীর চর সংলগ্ন এলাকা থেকে শরণখোলার একটি ট্রলারসহ অপহৃত ২০ জেলেকে এখনও উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে অপহৃত ওই ৫০ জেলের ব্যাপারেও খোঁজখবর নেয়া হচ্ছে বলে কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার হাসান জানান।
শরণখোলার ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর তালুকদার বলেন, ‘একেতো সাগরে মাছের দেখা নেই, তার উপর দস্যুদের অব্যাহত নির্যাতনে এখন জেলেরা সাগরে যেতেও ভয় পাচ্ছেন।’ দস্যু দমনে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মৎস্যজীবী নেতারা।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার হাসান জানান, নতুন করে অপহৃত ৫০ জেলের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। তাছাড়া ২০ জেলেকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
