পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৯:০৬
 
পুঁজিবাজারের সার্বিক মূল্যসূচকে মঙ্গলবার মিশ্রভাব দেখা গেছে। সূচক কিছুটা কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ১৪ শতাংশ।
 
মঙ্গলবার পুঁজিবাজারে দরবৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ খাতে লেনদেন হওয়া ২৩টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১১টির। তবে এ কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধির হার তুলনামূলক অনেক ভালো। তাই এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর গড়ে আড়াই শতাংশ বেড়েছে। এর মধ্যে আইসিবির শেয়ারদর বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ। তবে একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ফুডসের। 
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৫৭ কোটি  ১৯ লাখ টাকা টাকা বেশি। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ১৬ লাখ টাকার। যা আগের কর্মদিবসের চেয়ে ৫ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।