বাংলাদেশের টেক্সাটাইল শিল্পখাতে চীন ৩০০ মিলিয়ন ডলার (২ হাজার ৭৩০ কোটি টাকা প্রায়) বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ নিজ সরকারের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সফররত চীনা বাণিজ্যমন্ত্রী গে হুচেং বিনিময়পত্রে স্বাক্ষর করেন।
মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের মুহিত বলেন, ‘টেক্সাটাইল শিল্প ছাড়াও রেলওয়ে, জুট, ব্রিজ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বাণিজ্য মন্ত্রী গাও হুচেং।
রাজধানীর অদূরে পূর্বাচল উপশহরে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার নির্মাণের লক্ষে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে মঙ্গলবার পৃথক দু’টি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে। বিনিময় পত্রের আওতায় প্রকল্প বাস্তবায়নের মোট প্রাক্কলিত ব্যয়ের ৭৯৬ কোটি ১ লাখ টাকার মধ্যে চীন সরকার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকার অনুদান সহায়তা প্রদান করবে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর চীন সরফরের সময় অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে আমরা যেসব প্রকল্প প্রস্তাব চীনা সরকারের কাছে দিয়েছি, এর সবগুলোতে তারা সাড়া দিচ্ছে। এ সব প্রকল্পগুলো মূলত; রেলপথ, টেক্সটাইল, পাট, জ্বালানি, রাস্তাঘাট ও সেতু নির্মাণ খাতের।
খবর ফোকাস বাংলার।
