স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পেটালো বখাটেরা

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৯:৫২
রাজবাড়ীর পাংশা উপজেলায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার ভাইকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
 
মঙ্গলবার সকাল আটটার দিকে মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আহত তরুণও একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে বিদ্যালয়ের যাতায়াতের সময় স্থানীয় বাসিন্দা তারেক বিশ্বাস (২০) আহত তরুণের ছোট বোনকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানাজানির পর মেয়েটির পরিবাবের লোকজন এ ধরনের আচরণ করতে তারেককে নিষেধ করে। এতে তারেক ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জেরে কিশোরীর ভাই মঙ্গলবার সকালে আটটায় বিদ্যালয়ে কোচিং করতে গেলে তারেক ও তার কয়েকজন বন্ধু লাঠি ও টর্চ লাইট দিয়ে পিটিয়ে তাকে আহত করে। চিৎকার শুনে আহতের বন্ধু হাসান এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে শিক্ষকরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
 
বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক তথ্যের সত্যতা স্বীকার করেন।
 
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) হাসিনা বেগম বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।