রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে বিদেশি পিস্তল, গুলি ও ধারাল অস্ত্রসহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—মো. ওহাব (৩৬) ও মো. রতন (২৬)।
র্যাব-৩-এর অপারেশন অফিসার এএসপি ইয়াছিন আরাফাত জানান—মঙ্গলবার ভোরে র্যাব-৩-এর একটি টহলদল মানিকনগর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ডেমরা থানাধীন ডগাইর নতুন উত্তর পাড়ার মো. শহীদ উল্লাহর বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর সঙ্গে সঙ্গে টহল দল মো. শহীদ উল্লাহর বাড়ির উত্তর-পশ্চিম কোণে বাউন্ডারি ওয়ালের নিকট হাজির হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে। তখন র্যাব সদস্যরা ওই বাড়ি ঘিরে ফেলে মো ওহাব ও রতনকে আটক করে। এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহূত ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি জব্দ করেন।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করে আসছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
