১৯৭৫-এর ১৫ আগষ্ট ঘাতক চক্র স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাঙালীর জাতিস্বত্তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বাঙালীর দেশাত্ববোধের কারনে তা পারেনি। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে।
বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম এমপি উপরোক্ত কথা গুলো বলেন।
স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার বিকালে আয়োজিত শোকসভায় তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে অবিলম্বে রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুই একমাত্র বাঙালী যিনি বাঙালীর মাঝে জাতিস্বত্তার উন্মেষ ঘটিয়েছিলেন।
তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে প্রমোশন দিয়েছিলেন, আর জিয়াউর রহমান সেই কাজের পুরস্কার হিসাবে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে চাকরী দিয়ে পুনর্বাসন করেছেন।
জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, সাবেক এমপি ফরিদা আকতার হিরা , জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও সাবেক এমপি মাহফুজা মন্ডল রিনা প্রমূখ।
