গত মৌসুমে তিনে থেকে শেষ করা আর্সেনালের লিগের শুরুটা প্রত্যাশামতো হয়নি। খোদ কোচ আর্সেন ওয়েঙ্গার মনে করছেন দল গড়পড়তা খেলছে। নিজের আক্রমণভাগের খেলোয়াড়দেরও কাঠগড়ায় দাড় করিয়েছেন তিনি।
আর্সেনাল এই মৌসুমে প্রিমিয়ার লিগের তিন ম্যাচে তিন ধরণের ফল পেয়েছে। প্রথম ম্যাচে ঘরের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে হার, দ্বিতীয় ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় এবং সোমবারে লিভারপুলের সঙ্গে করেছে গোলশুণ্য ড্র। সব মিলিয়ে আর্সেনালের পারফরম্যান্স খোদ কোচ আর্সেন ওয়েঙ্গারের চোখেও অনেক গড়পতন মনে হচ্ছে।
তিন ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করে কিছুটা বিব্রত ওয়েঙ্গার বলেন, আমাকে মেনে নিতেই হবে যে আমাদের শুরুটা অনেক গড়পতনের মধ্যে দিয়ে হয়েছে। কিছু খেলোয়াড়দের মধ্যে প্রতিশ্রুতির অভাব দেখা যাচ্ছে। বিশেষত দলের আক্রমণ ভাগের খেলোয়াররা। সানচেজ-জিরুদরা প্রত্যাশা অনুযায়ী অ্যাটাকিং থার্ডে খেলতে পারছেন না।
ওয়েঙ্গার যোগ করেন, অ্যাটাকিং থার্ডে আমাদের খেলাটা এখনো নিঁখুত হয়ে উঠতে পারেনি। এ ছাড়া ওয়েঙ্গার স্বীকার করেছেন তাদের এই মৌসুমের এক নম্বর ট্রান্সফার টার্গেট করিম বেনজেমার ব্যাপারে তারা ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার এক টুইটার পোস্টে বেনজেমা নিশ্চিত করেছেন তিনি রিয়াল মাদ্রিদেই থাকছেন।
