মহানগর গোধূলী উদ্ধার

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ০৯:৪২
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকায় দুর্ঘটনা কবলিত ঢাকাগামী মহানগর গোধূলীর ইঞ্জিন ও বগির উদ্ধার কাজ প্রায় সাত ঘন্টা পর শেষ হয়েছে। এতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, রাত সোয়া ১টার দিকে বি-বাড়িয়ার আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছার পর উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজ শেষ হতে বুধবার ভোর পর্যন্ত সময় লেগে যায়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী মহানগর গোধুলীর ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 
 
শশীদল স্টেশনের স্টেশন মাস্টার মুজিুবর রহমান জানান, দুর্ঘটনা পর অনেক যাত্রী নিজ উদ্যোগে ও পুলিশের সহায়তায় বিভিন্ন গন্তব্যে চলে যায়। তাই ভোর সাড়ে ৫টায় যখন ট্রেনটি ষ্টেশন ছেড়ে যায় তখন যাত্রী ছিল কম। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীরা দুর্ভোগ পড়ে। দুর্ঘটনার পর থেকে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ যাত্রীদের নিরাপত্তায় ঘটনাস্থল ঘিরে রাখে।