গুজরাটে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১২:০১


ভারতের গুজরাটে বিক্ষভকারীদের দমাতে বুধবার কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সাথে ইন্টারনেট সার্ভিসও বন্ধ করে দেয়া হয়েছে।

সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কোটা সংরক্ষণের দাবিতে গুজরাটের রাজধানী আহমেদাবাদে পটেল সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ বিক্ষভ করে। এতে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় যানবাহন ও বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে আন্দোলনকারীদের অন্যতম নেতা হার্দিক পটেলকে (২২) অনশন মঞ্চ থেকে তুলে নিতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই উত্তেজনা চরমে ওঠে।

আরো সংঘর্ষের আশঙ্কায় বুধবার কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।

পুলিশ বলছে, আন্দোলনে লোক জড়ো করতে বিক্ষোভকারীরা ইন্টরনেট ব্যবহার করেছে।

এদিকে হার্দিক পটেলকে গ্রেতারের পর বিক্ষোভকারীরা গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রজনী পটেলের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। চাপের মুখে শেষ পর্যন্ত হার্দিককে ছেড়ে দেয়া হয়।

নিজেদের ‘অনগ্রসর জাতি’ হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলনে নেমেছে রাজ্যের পটেল সম্প্রদায়। গুজরাটের প্রায় ১২ শতাংশ মানুষ এই সম্প্রদায়ভুক্ত। দীর্ঘদিন ধরে বিজেপিরই সমর্থক ছিলো তারা। কিন্তু কোটা সংরক্ষণের দাবি রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে ক্রমশই তাদের দূরত্বের সৃষ্টি করেছে।

-এনডিটিভি