টানা ছয় দিন ধরে নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ।বুধবার দু’প্রান্তে এখনও সাড়ে ৪০০যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এরমধ্যে পন্যবাহী ট্রাক প্রায় ৪০০। এ রুটে নতুন করে আসা গাড়ির সংখ্যাও কমে গেছে।
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, ফেরি ‘কুসুমকলি’ ও ‘ক্যামেলিয়া’ নামের দুটি ফেরি জোয়ারের সময় কোনো রকম ট্রিপ দিচ্ছে। মঙ্গলবার সারা দিনে এই ফেরি দু’টি মাত্র ৩টি ট্রিপ দিয়েছে। যেখানে প্রতিদিন ৭০-৮০টি ট্রিপ হতো। আর বাকি ১৬টি ফেরিই অলস বসে আছে।
এদিকে বুধবার ৩লাখ ঘন মিটার পলি অপসারণ শুরু হয়েছে। পদ্মা সেতুর দু’টি বড় ড্রেজার পলি অপসারণে কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যে পলি অপসারণ করা সম্ভব হবে বলে আশা করছেন
কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটি- এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান উদ্দিন আহমেদ খান জানান, পুরো নৌ রুটে ২২লাখ ঘন ফুট পলিমাটি অপসারণ করতে হবে। তবে এখন ২-৩লাখ পলিমাটি অপসারণ করা হবে। এতে নাব্যতা সঙ্কট কিছুটা হলেও দূর হবে বলে আশা করছেন তিনি।
