বরিশাল র্যাব-৮ এর সদসরা বিশেষ অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ দুই চোরাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে খুলনা থেকে তাদের আটক করা হয়।
বুধবার সকালে র্যাব-৮ বরিশাল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হচ্ছে- খুলনা জেলার পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের গোলাপ গাজীর পুত্র আব্দুল জলিল গাজী (৫০) এবং রাজধানী উত্তরার হারেজ ফকিরের পুত্র মো. আশরাফ ফকির (৫৫)।
র্যাব জানায়, বাঘের চামড়া বিদেশে পাচার করার জন্য চোরাকারবারীরা মজুদ করেছে-এমন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে খুলনার কাস্টমস রোডের আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল জলিল এবং মো. আশরাফকে আটক করা হয়। এ সময় ১টি বাঘের চামড়া উদ্ধার এবং ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসবাদে আটককৃতরা স্বীকার করে তারা দেশের বাইরে বাঘ ও অনান্য পশুর চামড়া পাচারের সাথে দীর্ঘদিন ধরে জড়িত।
